চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে, বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী শনিবার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে কমিটির বৈঠক হয়।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

নিউজটি শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *