লক্ষ্মীপুরে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
oplus_1024

স্টাফ রিপোর্টার :লক্ষ্মীপুর পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী মুক্তিগঞ্জ-ডিবি রোডে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৮ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা দ্রুত ড্রেন নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে এলাকার কয়েকশ পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা কাদাপানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হন।
তারা জানান, সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। তবে ড্রেন নির্মাণ ছাড়া রাস্তার কাজ সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি আবারও নষ্ট হয়ে যাবে এবং জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হবে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে রাস্তা সংস্কারের পাশাপাশি মুক্তিগঞ্জ থেকে ছৈয়াল বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার ড্রেন নির্মাণ করতে হবে। অন্যথায় উন্নয়নকাজের সুফল জনগণ পাবে না।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।
